শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। কিন্তু দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতাবিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কিছু বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সব রকম গুজব থেকে আমাদের বিরত থাকতে হবে। গত সোমবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত চুন্নু মিয়া সরকারের স্মরণে হাইমচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি চুন্নু মিয়া সরকারের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, চুন্নু মিয়া সরকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই অঞ্চলের মানুষের অধিকার রক্ষায় তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি দলের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। আমি তার রূহের মাগফিরাত কামনা করি। তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ চোকদারের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগসহ সভাপতি ডা: জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর প্রেস ক্লাব সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। শোকসভা শেষে শিক্ষামন্ত্রী আলহাজ ডা: দীপু মনি এমপি কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন।