বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল ঢেউয়ের তোড়ে সাগরের দিকে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন বরগুনা এনএসআই-এর জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের (৪০) ও তার ভায়রার মেয়ে নূর আক্তার জুঁই (১৭)।
বুধবার দুপুরে একসাথে গোসল করতে নেমে কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন মোস্তফা কাদেরের স্ত্রী ও তার দুই ছেলে।
জানা গেছে, মোস্তফা কাদের বেশ কিছুদিন ধরে বরগুনার এনএসআই অফিসে জুনিয়ার ফিল্ড অফিসার পদে কর্মরত আছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকার লালবাগ এলাকার ৬০ নম্বর হোসেন উদ্দিন খান লেনের বাড়িতে থাকেন। ঈদুল আযহার ছুটিতে তার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) দুই ছেলে আবদুল কারিম (১৬) ও মাহাতির মোহাম্মদ (৯) এবং তার বোনঝি নূর আক্তার জুঁইকে নিয়ে বরগুনায় স্বামীর কাছে বেড়াতে আসেন। সেই সুবাদে বুধবার মোস্তফা কাদের তার স্ত্রী-সন্তান ও ভায়রাঝি নূর আক্তার জুঁইকে নিয়ে পরিচিত পর্যটন এলাকা শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন।
নিখোঁজ হওয়া এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদেরের স্ত্রী সেলিনা আক্তার জানান, ঈদুল আযহার ছুটিতে স্বামীর কাছে আসলে তিনি আমাদেরকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। দুপুরের দিকে সাগরে একটু ভাটি লাগলে আমরা চরে গোসল করতে নামি। এ সময় আমার বোনঝি নূর আক্তার জুঁই সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে সাগরের দিকে যাচ্ছিল। আমার স্বামী ওকে বাঁচানোর জন্য ধরতে গেলে তিনিও আর ফিরতে পারেননি।
তালতলী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: আহসান হাবিব জানান, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বরগুনার এনএসআই-এর জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের ও তার ভায়রাঝি নূর আক্তার জুঁইকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। তাদের ডুবুরি টিম পটুয়াখালী থেকে আসছে। উদ্ধার তৎপরতা চলছে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাখাওয়াত হোসেন তপু জানান, সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দু’জনের সন্ধানে পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম যৌথভাবে কাজ করছে। এখনো তাদের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা চলছে।



