বরগুনার তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুই জন নিখোঁজ হন। নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে জুইয়ের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের পূর্ব-পশ্চিম কোণ থেকে তাদের পাশাপাশি ভাসমান দুটি লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সেলিনা শিকদার উদ্ধার হওয়া লাশ স্বামী ও তার বোনের মেয়ে জুই বলে শনাক্ত করেছেন। এর আগে বুধবার (১৩ জুলাই ) দুপুর ১২টার দিকে শুভসন্ধ্যা সৈকতে এ ঘটনা ঘটে। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত ।
এর আগে উদ্ধারকৃতরা হলেন মোস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাথির মোহাম্মাদ (০৯) ও আরেক ছেলে আবদুল করিম (১৬)। এ ঘটনায় এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে জুই আক্তার নিখোঁজ ছিলেন।
নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের বরগুনায় চাকরি করেন। সেই সুবাদে ঢাকা থেকে স্ত্রী, দুই ছেলে, তার স্ত্রীর বোনের মেয়ে জুইকে নিয়ে ঈদের ছুটিতে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে সবাই মিলে সমুদ্রে গোসল করতে যায়। ঢেউয়ের তোড়ে মুহূর্তের মধ্যে সমুদ্রের মাঝে নিয়ে যায় তাদের সবাইকে। পরে খোঁজাখুঁজির পর তিনজনকে পাওয়া গেলেও এনএসআই কর্মকর্তাসহ জুই নিখোঁজ ছিলো। নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পরে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, নিখোঁজদের উদ্ধার অভিযান চলাকালে এনএসআই কর্মকর্তা মোস্তফা কাদের ও জুই আক্তারের লাশ ভাসমান অবস্থায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের পূর্ব পশ্চিম কোণে দেখা যায়। পরে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, এনএসআই কর্মকর্তা ও জুইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ দুইটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



