যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা নূরুল ইসলাম বাবুল প্রকৃত দেশপ্রেমিক বলেই দেশের টাকা দেশেই বিনিয়োগ করেছেন, বিদেশে পাচার করেননি। তিনি যে চেতনা বুকে ধারণ করে মহান মুক্তিদ্ধুদ্ধে অংশ নিয়েছিলেন সেই চেতনায় দেশকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মরহুম নুরুল ইসলামের ছোট ভাই মো: সোহরাব উদ্দিন বলেন, বড় ভাই নূরুল ইসলাম ছিলেন একজন কর্মবীর ও দৃঢ় আত্মপ্রত্যয়ী। তার লক্ষই ছিল সামনের দিকে এগিয়ে যাওয়া। তিনি বড় শিল্প গোষ্ঠীর মালিক হবেন তা বহু আগেই স্বপ্ন দেখতেন।
সোহরাব উদ্দিন আরো বলেন, দেশ যাতে পরনির্ভরশীল না হয় সেজন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে একের পর এক শিল্প কারখানা গড়ে তুলেছেন। তার প্রতিটি কাজের লক্ষই ছিল দেশের কল্যাণ করা। সে লক্ষেই তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে ব্যবসায় আত্মনিয়োগ করেন এবং তিনি সফলও হন। ইতোমধ্যে তার প্রতিষ্ঠিত প্রায় ৪২টি শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
টঙ্গী আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর গাছা থানা প্রতিনিধি এমআর নাসির। টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেনÑ হুমায়ুন কবির রাজু, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বসির উদ্দিন, ফারুক হোসেন খান।