কিশোরগঞ্জের হাওর অঞ্চলে হাসানপুর ব্রিজ এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মৃত ওই পর্যটকের নাম তানজিব সারোয়ার হিমেল (২৬)। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল নামাপাড়া এলাকার মো: কামাল উদ্দিনের ছেলে।

বৃহস্প‌তিবার (১৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলার সংযোগ ব্রিজ হাসানপুর এলাকার করিমগঞ্জ অংশের ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করে কি‌শোরগঞ্জ ফায়ার সা‌র্ভিসের ডুবুরি দল।

এর আগে গত বুধবার বিকেলে হিমেল তার পরিবারের লোকজনসহ ১৫-২০ জন জেলার করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে ইঞ্জিনচা‌লিত এক‌টি ট্রলার নি‌য়ে হাওরে ঘুরতে যান। সন্ধ্যার দিকে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজের কাছে ট্রলার থেকে নেমে অন্যরা ছবি তুল‌ছিলেন। এ সময় হিমেল ও তার দুই বন্ধু ধনু নদীতে গোসল করতে নামেন। এক পর্যা‌য়ে দুই বন্ধু পাড়ে উঠলেও প্রবল স্রোতে পা‌নি‌তে ত‌লি‌য়ে যান হিমেল।‌

কি‌শোরগঞ্জ ফায়ার সা‌র্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজের খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলেও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়‌নি। বৃহস্প‌তিবার ভোর থেকেই নিখোঁজ পর্যটক হিমেলকে উদ্ধারে সন্ধান চালানো হ‌চ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

থানা পু‌লিশের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে হিমেলের লাশ তার প‌রিবারের সদস‌্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।