নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় বুড়িগঙ্গা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সাজ্জাদ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পাগলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কলেজছাত্র সাজ্জাদ পাগলা নুরবাগের উকিলের বাড়ির ভাড়াটিয়া শাহিন মিয়ার ছেলে ও হাজী মিছির আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ কলেজছাত্রের সাথে গোসল করতে যাওয়া বন্ধুরা জানায়, তারা বন্ধুরা মিলে বেলা ১২টার দিকে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে তারা সাজ্জাদকে দেখতে পায় না। তারা সকলেই নদী থেকে উপরে উঠলেও উঠে আসেনি সাজ্জাদ। তারা খোঁজাখুঁজি করে না পেয়ে সাজ্জাদের পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানায়। তাদের ধারণা গোসল করতে নেমে নদীর পানিতে তলিয়ে গেছে সাজ্জাদ।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লাশ সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানায়, নিখোঁজ কলেজছাত্রকে উদ্ধারে কাজ করছেন তারা।