ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজের এক দিন পর অবয়ব আহমেদের (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট-সংলগ্ন নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ। এর আগে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকায় গোসলে নেমে স্রোতে হারিয়ে যায় অপূর্ব।

অবয়ব ওই এলাকার অপূর্ব সূচনার ছেলে। সে স্থানীয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীতে টহল চলছিল। সন্ধ্যা ৬টার দিকে লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সাথে কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় অবয়ব। একপর্যায়ে নদীতে তীব্র স্রোতের কারণে তারা ভেসে যায়। সে সময় দু’জন তীরে উঠতে পারলেও অবয়ব স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায়।