মসজিদ কমিটির সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের জুতা ব্যবসায়ী কামরুল শেখকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে চাঁচুড়ি বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এ সময় স্বামী হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন নিহত কামরুলের স্ত্রী রহিমা বেগম, পুরুলিয়া ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, সাবেক ইউপি মেম্বার কোবাদ মোল্যা, বিল্লাল হোসেন, মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমেদ কিসলু, বাজারের ব্যবসায়ী মুন্সী লুৎফর রহমান প্রমুখ।
গত ৩০ জুন পুরুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে কামরুলকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ সময় আরো পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় কামরুলের ভাই জাকির শেখ বাদি হয়ে গত ৩ জুলাই ৩১ জনের নামে কালিয়া থানায় মামলা করেন। এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত কামরুলের পরিবারের সদস্যরা জানান, পুরুলিয়া পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি শাহাদত সরদারকে পরিবর্তন করে মোস্তাক আহমেদ কিসলুকে সভাপতি করা হয়। তবে নতুন সভাপতি কিসলুকে মেনে নিতে পারেননি সাবেক সভাপতি শাহাদত সরদারসহ তাদের লোকজন। এ নিয়ে গত ২৪ জুন জুমার নামাজের পর শাহাদত সরদার পক্ষ এবং প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরপর ৩০ জুন ফজরের নামাজের পর প্রতিপক্ষের লোকজন কামরুল শেখদের বাড়িতে এসে তাকে কুপিয়ে হত্যা করে।



