পিরোজপুরের মঠবাড়িয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস উদ্বোধনকালে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (দলের বিদ্রোহী প্রার্থী) নাসির হোসেন হাওলাদার ও তার সমর্থকরা বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে ২০ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রতিপক্ষরা হামলায় চালিয়ে দলীয় অফিস ভাঙচুর করাসহ অনুষ্ঠান বানচালের চেষ্টা চালায়। এতে তিন নেতা গুরুতর আহত হন। তারা হলেন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি লোকমান হোসেন হাওলাদার (৪৫), ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি ঘরামী (২০) ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মিজান (২০)। লোকমান হোসেন হাওলাদারের অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম বাদি হয়ে প্রতিপক্ষ বড়মছুয়া চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদারকে প্রধান আসামি করে ২৫ জন এজাহার নামীয় ও অজ্ঞত ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির হোসেন হাওলাদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ নেতাদের সাথে অনুষ্ঠানস্থলে আসা কিছু উচ্ছৃঙ্খল কর্মী আমার সমর্থক লোকমান হোসেনকে বেধড়ক মারধর করলে নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। চেয়ারম্যান উল্টো তার প্রতিপক্ষদের বিরুদ্ধে বড়মাছুয়া মসজিদের গ্লাস ও বৈদ্যুতিক মিটার ভাঙচুরের অভিযোগ আনে। এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই রাতেই মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঠবাড়িয়ায় আ’লীগ অফিস উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারম্যানের নেতৃত্বে বোমা হামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগ অফিস উদ্বোধনকালে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (দলের বিদ্রোহী প্রার্থী) নাসির হোসেন হাওলাদার ও তার সমর্থকরা বোমা...



