আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের খাসকান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার ভোর ৫টার দিকে স্থানীয় আহমেদ ও মামুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল ও গুলিবর্ষণ হয়। দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গুলিবিদ্ধ দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজীব হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শুনেছি দুজন মারাত্মক আহত
হয়েছেন। তবে কীভাবে আহত হয়েছেন তা আমরা এখনো বলতে পারছি না। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিনা সেটাও জানি না। তবে তারা মামুন ও আহমেদ গ্রুপের সমর্থক।



