লাকসামে নতুন বাড়িতে হঠাৎ আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া খবর পাওয়া গেছে।

শনিবার দুপুরে মুদাফরগঞ্জ (দ.) ইউনিয়ন জনার্দ্দনপুর গ্রামে সড়কের পাশে নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন মাওলানা সাহেবের বাজারের বিশিষ্ট কনফেকশনারি ব্যবসায়ী মিলন হোসেন। তিনি উপজেলার ফুলহরা রুহুল আমিন কোম্পানি বাড়ির আবদুল হাকিমের ছেলে। বর্তমানে মিলন হোসেন (মুদাফরগঞ্জ-চিতোসী) সড়কের পাশে
জনার্দ্দনপুর গ্রামে নতুন বাড়িতে বসবাস করেন।

স্থানীয় নাসির উদ্দীন সবুজ যুগান্তরকে বলেন, শনিবার দুপুরে হঠাৎ করে মিলন ভাইয়ের রান্না ঘরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাড়ির লোকেরা পানি দিয়ে নেভানোর চেষ্টা করে। এতে কোনো লাভ
হয়নি। রান্নাঘর থেকে আগুন ধরে গিয়ে বসতঘরে আগুন লেগে যায়।

সাথে সাথে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকার লোকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম।