চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাতপরিচিত এক ব্যক্তির (আনুমানিক ৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর হরিঙ্গা টিলা এলাকায় লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ থানায় নেয়া হয়েছে।
করেরহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) বলেন, শনিবার সকাল ১১ টার দিকে দুটি ছেলে গাছের চারা লাগানোর জন্য তাদের বাগানে যাচ্ছিল। যাওয়ার পথে পূর্ব অলিনগরের হরিঙ্গা টিলা এলাকায় জঙ্গলের ভেতর একটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি বিষয়টি জোরারগঞ্জ থানায় অবহিত করলে, পুলিশ এসে দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ থানা উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে পূর্ব অলিনগর এলাকার পাহাড়ি জঙ্গল থেকে দুপুর ২টার দিকে একটি অজ্ঞাতপরিচিত লাশ উদ্ধার করে এনেছি। লোকটির গায়ে শার্ট, পরনে লুঙ্গি ও মাথায় টুপি রয়েছে। পাশে একজোড়া স্যান্ডেল পড়ে ছিল। লোকটির অবস্থা দেখে মনে হচ্ছে কয়েক দিন আগে তিনি মারা যান। তবে পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ওই লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



