গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে সংগঠনবিরোধী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার রাতে গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল বের হয়। গত ১৪ জুলাই ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের এক সিদ্বান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে শৃঙ্খলাপরিপন্থী কার্যাকলাপে জড়িত থাকায় আতাউর রহমান পিয়ালকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে দল থেকে বহিষ্কার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শহরের আনন্দ মিছিল বের হয়। মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেন।