ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার টিঘর গ্রামে মাহিদুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুকে শ^াস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে শিশুর বাবা বশির উদ্দিন দাবি করছেন। শুক্রবার সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের জানুয়ারি মাসে সরাইল উপজেলা টিঘর গ্রামের আলীর ছেলে বশির উদ্দিনের সাথে একই উপজেলার পানিশ^র ইউপির বিটঘর গ্রামের নুরু মিয়ার মেয়ে শিউলি আক্তারের বিয়ে হয়। বিযের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গেল চার মাস আগে শিউলি তার ছেলে মাহিদুল ইসলামকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। পরে শুক্রবার সন্ধ্যায় বশির খবর পান তার ছেলে মাহিদুল পানিতে ডুবে মারা গেছে। তিনি এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করেন। তবে শিউলি আক্তারের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই স্বামী বশির উদ্দিন শিউলীকে অত্যাচার ও নির্যাতন করে আসছিল। এখন সে শিশুর মৃত্যু নিয়ে মিথ্যা অভিযোগ তুলছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, শিশুটির পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু তার বাবার পক্ষ এটিকে হত্যা বলে দাবি করা হচ্ছে। তাই একটি ইউডি মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।