রাজবাড়ী জেলা শহরের কলেজ রোডের রাসা চৌধুরী টাওয়ারের ৭ তলা থেকে পড়ে লাকী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে তার স্বামী সাবেক জেলা পরিষদ সদস্য রাশেদুল হক অমি জানিয়েছেন। আর লাকীর মায়ের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সাত তলা থেকে নিচে ফেলে দেয়া হয়েছে।
রাশেদুল হক রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌরমেয়র মহম্মদ আলী চৌধুরীর আপন বোনের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূ লাকীর মা ইসমত আরা রোববার রাজবাড়ী সদর থানায় রাশেদুল হক অমিসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন এ হত্যা মামলার খবর নিশ্চিত করে জানান, ঘাতক আসামিদের গ্রেফতার করে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।
অন্য দিকে অমির স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে লাকি ৭ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান তার দেবর বাবু। পরে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর হাসপাতালেই তার মৃত্যু হয়।
নিহত লাকী আক্তারের মা ইসমত আরা বেগম অভিযোগ করে বলেন, ১০ বছর পূর্বে লাকীর সাথে পারিবারিকভাবে অমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই অমি নেশা ও পরনারীর প্রতি আসক্ত হয়ে লাকীকে নির্যাতন করে আসছিল। এর জেরে লাকীকে হত্যা করে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য নানা টালবাহানামূলক কথাবার্তা বলছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় এজাহার দায়ের করেছি।



