নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার দিন ১৫ জুলাই শুক্রবার রাতে দিঘলিয়া গ্রামের কচি সরদার বাদি হয়ে লোহাগড়া থানায় আকাশের নামে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার’ মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী সা:কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। বিষয়টি ওই দিন জুমার নামাজের পর সবার নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওই দিন বিকেল থেকে উত্তেজনা আরো বাড়তে থাকে।
বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার পাঁচ-চয়টি বাড়িঘর ভাঙচুর করে। এর মধ্যে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুমবিশিষ্ট টিনশেডের ঘরটি পুড়ে গেছে। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুরসহ ইট ছোড়ে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। এ ছাড়া পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। ঘটনার পর আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



