নওগাঁর রাণীনগরে গৃহবধূকে (১৯) মারপিট করে মাথার চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার রাতেই
গ্রামবাসীর সযোগিতায় শ্বশুর, ভাসুর ও ননদকে আটক করেছে। এ ঘটনায় সোমবার রাণীনগর থানায় মামলা করা হয়েছে।

রোববার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের কালীগ্রাম কয়াপাড়া গ্রামে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, গত বৃহস্পতিবার রাতে তার স্বামী প্রতিবেশী এক বন্ধুকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে ঘরে বসে সবাই মিলে গল্প করছিল। এসময় বাড়ির লোকেরা ওই বন্ধুর সাথে গৃহবধূর অনৈতিক সম্পর্ক রয়েছে সন্দেহ করে দরজার শিকল আটকে দেয়। এ ঘটনায় বিষয়টি নিয়ে পারিবারিকভাবে দ্বন্দ্ব হলে পরিবারের লোকেরা গৃহবধূ ও তার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়। সারা রাত বাড়ির আঙ্গিনায় কাটিয়ে পরের দিন শুক্রবার গৃহবধূ তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। এরপর রোববার সন্ধায় বাড়িতে এলে রাত সাড়ে ৮টায় শ্বশুর রাজ্জাক সিপাই (৬৫), ভাসুর দেলোয়ার হোসেন (৪০) ও ননদ রাজিয়া সুলতানা (৪৫) মিলে গৃহবধূ ও তার
স্বামীকে মারপিট শুরু করে। এক পর্যায়ে গৃহবধূকে মাটিতে ফেলে বটি দিয়ে মাথার চুল কেটে দেয়। এ সময় স্থানীয় লোকেরা জানতে পেরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা ফোর্স নিয়ে রাতেই অভিযান চালিয়ে গ্রামবাসীর সহযোগিতায় গৃহবধূকে উদ্ধার ও অভিযুক্ত ওই তিনজনকে আটক করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূকে মারপিট করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা করেছেন। আটক তিনজনকে
এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।