নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আল্লাহ ও হজরত মোহাম্মদ সা:কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ায় প্রশান্ত কর শ্রাবণ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। প্রশান্ত কর শ্রাবণ রাবান এলাকার মৃত নারায়ণ করের ছেলে।
পুলিশ জানায়, গতকাল রাতে অভিযুক্ত যুবক তার ‘পিকে শ্রাবণ’ নামে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামিন ও হজরত মোহাম্মদ সা:কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তার গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।



