গাজীপুরে দুই কিশোরীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করেছে এমন অভিযোগে মহানগরের কোনাবাড়ী বাইমাইল (সাইনবোর্ড) এলাকা থেকে পোশাকশ্রমিক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ওই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আকবর খান (২২) বরিশালের গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের লাল খানের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক মামলার বরাত দিয়ে জানান, দুই ব্যক্তি জীবিকার তাগিদে নিজ নিজ জেলা থেকে এসে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একই বাড়িতে টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করেন। তাদের একজনের মেয়ের বয়স ১৪ বছর ও অপর জনের মেয়ের বয়স ১৫ বছর। একই বাড়িতে ভাড়া থাকায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক (বান্ধবী) গড়ে ওঠে। রোববার (১৭ জুলাই) দুপুরে ওই ভাড়া বাড়ির গোসলখানায় তারা দুই বান্ধবী এক সাথে গোসল করছিল। এ সময় তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া পোশাকশ্রমিক আলী আকবর খান টিনের ছিদ্র দিয়ে দুই বান্ধবীর গোসলের দৃশ্য ভিডিও করেন।
এক পর্যায়ে আলী আকবর খানের বড় বোন ওইদিন সন্ধ্যার দিকে আলী আকবর খানের মোবাইল ফোনটি নিয়ে এমবি রিচার্জ করার জন্য ভিকটিম এক কিশোরীর কাছে নিয়ে যান। রিচার্জ শেষে ডাটা চালু করে ভিকটিম দেখেন তাদের দুই বান্ধীর গোসলের ভিডিও অভিযুক্ত আলী আকবর খানের নিজস্ব একটি ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে রাখা রয়েছে। এরপর বিষয়টি জানাজানি হলে থানায় মামলা করা হয়। সোমবার অভিযুক্ত আসামি আলি আকবর খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



