খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় আঞ্চলিক সশস্ত্র দলগুলোর গোলাগুলিতে ইউপিডিএফ মূল দলের একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে-২২ রাইফেলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার করে বিজিবি।
গতকাল ভোর ৫টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া এলাকায় ইউপিডিএফ মূল ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে যামিনীপাড়া বিজিবি জোন কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীর লাশ, একটি একে-২২ রাইফেল, দু’টি মগ, একটি মোবাইল ফোন, একটি চাঁদা আদায়ের রসিদ বই, তিন রাউন্ড একে-২২ রাইফেলের গুলি, দু’টি ম্যাগজিন, ২১ রাউন্ড গুলির খোসা, একটি হাতব্যাগ, একটি হিল উইমেন্স ফেডারেশনের ব্যানার উদ্ধার করে বিজিবি। গুলিবিদ্ধ সন্ত্রাসীর নাম ওদুদ ত্রিপুরা (২৭)। তার পিতার নাম সুনেল চাকমা এবং মাতার নাম শান্তি রানী ত্রিপুরা। নিহত সন্ত্রাসী মাটিরাঙ্গা উপজেলার ১ নম্বর তাইনদং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুকুমার ত্রিপুরা কারবারি পাড়ার বাসিন্দা। তিনি ইউপিডিএফ মূল দলের সাথে জড়িত। তার বিরুদ্ধে স্থানীয়ভাবে দীর্ঘ দিন বাঙালিদের চাষাবাদে বাধা দেয়া, চাঁদা দিতে বাধ্য করা, কচুবাগান কেটে ফেলাসহ নানা অভিযোগ ছিল।
যামিনীপাড়া বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপিডিএফ প্রসীত ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় আঞ্চলিক সশস্ত্র দলগুলোর গোলাগুলিতে ইউপিডিএফ মূল দলের একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে-২২ রাইফেলসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার...



