নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল তার আওয়ামী লীগের পদধারী বন্ধুদের সাথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন আজহারুল ইসলাম মান্নান নিবার্হী কমিটির সদস্য, নাসির উদ্দিন ও লুৎফর রহমান যুগ্ম আহবায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটি গঠন করার আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছিলেন, কেন্দ্র থেকে এ বিষয়ে জানতে ফোন দিয়েছিল। আমি সন্ধ্যার পর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সাথে তদন্ত কমিটি গঠনের বিষয়ে আলাপ করবো। মামুন মাহমুদের এমন বক্তব্যের পর সোমবার তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ১২ জুলাই মঙ্গলবার বিকেলে ফতুল্লা থানা আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে একটি কালো মাইক্রোবাসে করে টুঙ্গীপাড়ায় যান বিএনপির এ নেতা। মাজারের গেটে সাংবাদিকদের দেখে তিনি সাথে সাথে গাড়ির ভেতরে প্রবেশ করে নিজেকে লুকিয়ে ফেলেন। তবে সাংবাদিকরা গাড়ির কাছে গিয়ে রোজেলের সাথে দেখা করেন এবং কুশল বিনিময় করেন। সাংবাদিকরা তার সাথে কথা বলে ফিরে আসার সময় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন রোজেল।

এদিকে, শনিবার রোজেলের টুঙ্গীপাড়া সফরের বিষয়টি জানাজানি হলে তুমুল সমালোচনা শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মাঝে।

উল্লেখ্য, বিএনপি নেতার বঙ্গবন্ধুর মাজারে যাওয়া নিয়ে তোলপাড় শিরোনামে নয়া দিগন্ত অনলাইনে রোববার সংবাদ প্রকাশের পর বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরে এলে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়।