সিএনজিতে চড়ে পরিবারের সদস্যদের নিয়ে স্বজনদের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হলেন এক ব্যবসায়ী।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজারে উপজেলা উওরদা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফ জাবেদ (৩৭) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বড় বাড়ির মাওলানা হাবিবুর রহমানের ছেলে এবং খিলা ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ফারুক মেম্বারের চাচাত ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানা, মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজার থেকে সিএনজিতে চড়ে আবু ইউসুফ জাবেদ তার পরিবারের চার-পাঁচজন সদস্যদের নিয়ে নাঙ্গলকোট আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজারে এলে সিএনজি থেকে সদস্যরা নেমে পড়েন। আবু ইউসুফ জাবেদ তখন সিএনজির পাশে দাঁড়িয়ে চালকের সাথে কথা
বলছিলেন। এ সময় নোয়াখালী থেকে আসা কাভার্ড ভ্যানের সিএনজি পেছেনে ধাক্কা দিলে ঘটনাস্থলে আবু ইউসুফ জাবেদের মৃত্যু হয়।

খবর পেয়ে লাকসাম হাইওয়ে থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়। এ সময় এসআই জসিম উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে সিএনজিটি। এতে একজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

লাকসাম হাইওয়ে থানার ওসি কাইয়ুম চৌধুরী বলেন, কুমিল্লা- নোয়াখালী সড়কের চন্দনা বাজার ও উওরদা ইউনিয়ন পরিষদের সামনে দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি আরোহী
একজন যাত্রী নিহত হয়। থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে আছেন, তার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন।