কিশোরগঞ্জের হাওরে শখের বশে মাছ ধরতে গিয়ে পানিতে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মোহাম্মদ হোসেন হিমেল (২৯) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা বেলা সাড়ে ১২টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
মৃত মোহাম্মদ হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চরহা সান গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসে সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর (এইসি) হিসেবে চাকরি করতেন
জানা যায়, সোমবার বিকেলে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর কাছে শখের বশে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। মাছ ধরার এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে হাতের কব্জিতে বাঁধা জাল পানিতে ফেলার সময় স্রোতের টানে জালসহ হাওরের পানিতে তলিয়ে যান তিনি। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলের ২০০ মিটার পশ্চিমে হাওরের পানি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
গত ১৩ জুলাই নতুন বিয়ে করেন তিনি। ঈদের ছুটি ও বিয়ের পর ১৭ জুলাই মিঠামইনে কর্মস্থলে আসেন হিমেল। নববধূকে নিয়ে আসার জন্য বাসাও ঠিকঠাক করে রেখেছিলেন ওই কর্মকর্তা।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজার গিফারী জানান, হিমেলের সন্ধানের জন্য ঘটনার দিন থেকেই তারা উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আলওয়েদার সড়কের কিছুটা দূরে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হলেও ময়নাতদন্ত করা হয়নি। মঙ্গলবার বিকেলে হিমেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



