বরগুনার বামনায় এক বিধবা নারীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি কচুক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড়তালেশ্বর গ্রামে। নিহত বৃদ্ধার নাম সালেহা বেগম (৬৫)। তিনি গ্রামের মৃত হাসান আলীর স্ত্রী।
গত সোমবার রাত ৮টায় মেয়ে আকলিমা বেগম প্রথম তার মায়ের লাশ খালের পাড়ে কচুক্ষেতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। বামনা থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাকে পরিকল্পিতভাবে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। সোমবার রাতেই বরগুনা সিআইডি ও পটুয়াখালী থেকে পিবিআই দল ঘটনাস্থল এসে হত্যার রহস্য অনুসন্ধান করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখন তারা বলতে রাজি হয়নি।
মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায় বামনা থানা পুলিশ। এ ঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানান, নিহতের মেয়ের আর্তচিৎকারে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মায়ের লাশের পাশে মেয়েকে কান্না করতে দেখতে পান তারা। পরে পুলিশ এসে লাশটির সুরতহাল করেন। এ দিকে লাশটি থেকে মাত্র ২০ গজ দূরে বাঁধের পাশে একজোড়া পুরুষের জুতা রাখা দেখেন স্থানীয়রা। সেখান থেকে কাউকে টেনেহিঁচড়ে নেয়ার চিহ্ন দেখা গেছে।
বামনা থানার ওসি বশিরুল আলম বলেন, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিআইডি ও পিবিআই এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। আশা করি দ্রুত হত্যাকারী শনাক্ত করে গ্রেফতার করা যাবে।



