কিশোরগঞ্জের হাওরে পানিতে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়েছে মোহাম্মদ হোসেন হিমেল (২৯) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার লাশ। গত সোমবার বিকেলে মিঠামইন-অষ্টগ্রাম অল ওয়েদার সড়কের ভাতশালা সেতুর কাছে শখের বশে ঝাঁকি জাল দয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। মাছ ধরার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে হাতের কবজিতে বাঁধা জাল পানিতে ফেলার সময় স্রোতের টানে জালসহ হাওরের পানিতে তলিয়ে যান তিনি। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলের ২০০ মিটার পশ্চিমে হাওরের পানি থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত মোহাম্মদ হোসেন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসে সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর (এইসি) হিসেবে চাকরি করতেন।