রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনে ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্কুল-কলেজের ১২ শিক্ষার্থী।
বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়েস্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সাইফুল্লাহ আল সাদিকের নেতৃত্বে স্কুল-কলেজের ১২ জন শিক্ষার্থী এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় ছয় দফা দাবিগুলো তুলে ধরে যাত্রী হয়রানি ও টিকিট কালোবাজারি রোধে বিভিন্ন স্লোগান দিয়ে স্টেশনের প্লাটফর্মে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো টিকিট ক্রয়ে যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, হয়রানির ঘটনায় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে, যথাযথ পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি বন্ধ করতে হবে, অনলাইন কোটায় টিকিট ব্লক বা বুক করা বন্ধ করতে হবে, পাশাপাশি অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ে সর্বসাধারণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাত্রী চাহিদার সাথে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে, ট্রেনের টিকিট পরীক্ষক, তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীল ব্যক্তিদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়াতে হবে এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে খাবার পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।



