ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিরাজ মিয়া (৬৮) নামের সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো পাঁচজন।
বুধবার সকালে উপজেলার তিনলাখপীর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে। আহতরা হলেন, নিহত সিরাজ মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৫৫), বাবুল মিয়া (৫২), জালাল মিয়া (৩২) ও তার স্ত্রী নূপুর (২২) এবং তাদের সন্তান জিলানী (৬)। তাদের মধ্যে মর্জিনা বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।



