নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী সা:কে নিয়ে কটূক্তির অভিযোগে সহিংসতার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। গতকাল বুধবার দুপুরে তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মন্দির চত্বরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও মাশরাফি বিন মর্তুজা, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খানসহ নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এ অঞ্চলে সাম্প্রদায়িক-সম্প্রতির উজ্জ্বল ইতিহাস রয়েছে। যারা এ ধরনের ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করেছে, তারা পরিকল্পিতভাবে করেছে। এটার পেছনে রাজনৈতিক অপশক্তি জড়িত। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশের সম্প্রীতি, উন্নতি ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে, তারা এসব অপকর্ম করেছে। এসব মোকাবেলা করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে চাই। মাশরাফি বিন মর্তুজা এমপি বলেন, নড়াইলে আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি, সঠিক তদন্ত করে বিচার করতে হবে। যাতে অপরাধীরা আর কখনো এ ধরনের ঘটনা না ঘটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী সা:কে নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার পাঁচটি বাড়ি ও দিঘলিয়া বাজারের ছয়টি দোকান ভাঙচুর করে এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুর ও মহাশ্মশান কালিবাড়ি মন্দির সামান্য ক্ষতি করে বিক্ষুব্ধরা।
অপশক্তি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় : বাহাউদ্দিন নাছিম
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী সা:কে নিয়ে কটূক্তির অভিযোগে সহিংসতার ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন...



