কুষ্টিয়া শহরের ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলায় আজাদ হোসেন (৫৩) নামের এক আসামির ফাঁসি এবং মিন্টু (৪৬) আলী নামের আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে উভয়কে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন কুষ্টিয়ার পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মিন্টু আলী কুষ্টিয়ার হাউজিং এলাকার মহিউদ্দিন ওরফে পটলার ছেলে।

জানা যায়, রায় ঘোষণার সময় আসামি মিন্টু আদালতে উপস্থিত থাকলেও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আজাদ পলাতক ছিলেন। রায় ঘোষণার পরে পুলিশের কড়া পাহারায় মিন্টুকে জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় ২০১৪ সালের ১৪ আগস্ট রাত পৌনে ১০ টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ফাস্ট ফুড ব্যবসায়ী আবুল কাশেমকে ছুরিকাঘাত করেন আসামি আজাদ ও মিন্টু। এই ঘটনায় কাশেমের ছেলে ইফতেখার আহাম্মেদ নাঈম কুষ্টিয়া মডেল থানায় আজাদ ও মিন্টুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচিত আরো দু-তিনজনের নামে হত্যা মামলা করেন। পরে পুলিশের অভিযানে আজাদ গ্রেফতার হয় এবং পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল কাশেমকে ছুরিকাঘাতের কথা পুলিশের কাছে স্বীকার করে।

দীর্ঘ তদন্ত শেষে আসামি আজাদ ও মিন্টুর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে এবং ১০ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।

কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, মামলার প্রধান আসামি আজাদ জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পলাতক আছে। অপর আসামি মিন্টুর উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়। পরে আসামি মিন্টুকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।