কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ রুহুল আমিনকে লাঞ্ছিত করা ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তার নিজ দলেরই নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের উপজেলা সদরে সড়ক অবরোধ করে উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে আবুল কালাম আজাদকে বহিষ্কারের দাবিতে দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সহসভাপতি শাহাদাৎ হোসেন মিঠু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল প্রমুখ। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ঝাড়– প্রদর্শন করে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
সমাবেশে যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী বলেন, সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ দলের প্রবীণ নেতা রুহুল আমিনকে লাঞ্ছিত করেই ক্ষান্ত হননি, স্থানীয় এমপি ও দেবিদ্বারের গণমানুষের নেতা রাজী মোহাম্মদ ফখরুলকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছেন। তাই এলডি হলের ভিডিও ফুটেজ দেখে আবুল কালাম আজাদকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তিনি। সমাবেশে বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান ও তার সহযোগীরা গত বুধবার বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের নামে পরিস্থিতি ঘোলাটে করে ঘটনা আড়াল করতে চেয়েছেন। বিক্ষোভ সমাবেশে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।



