দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক বৃদ্ধা গৃহকর্মী নিহত হয়েছেন।
নিহত সালেহা বেগম উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাকের চালকসহ সহকারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রাণীগঞ্জ গো-হাটের পেছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।



