রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা হানিফ পাটোয়ারী (৬৫) দীর্ঘ দিন কিডনি রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর কিডনি নিয়েও বেঁচে থাকতে পারলেন না।

শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ছোট ভাই মো: আবুল কাশেম জানান, তার বড় ভাই হানিফ পাটোয়ারী দীর্ঘ দিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি হানিফ পাটোয়ারীর স্ত্রী কহিনুর বেগম স্বামী হানিফ পাটোয়ারীকে একটি কিডনি দান করেন। কিডনি প্রতিস্থাপনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দেখা যায় তিনি ব্রেন ট্রিউমারে আক্রান্ত ছিলেন। ছয়-সাত দিন আগে হানিফ পাটোয়ারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।