ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাতায়াতকারী বন্ধন পরিবহনের একটি বাস উল্টে ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরতর। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিক্যালের সামনে শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রাফি (৭), মো: জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ পারভীন (৪৫), আব্দুর রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), আব্দুস শুকুর (২৫), রওশন (২২), নাসিমা আক্তার (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী মাতুয়াইল মেডিক্যালের সামনে বন্ধন পরিবহনের একটি বাস উল্টে ১৯ বাসযাত্রী আহত হয়েছে। তারা সবাই ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।



