নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ তাছলিমা বেগম রুনা (২৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত গৃহবধূর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করে তারা।
উল্লেখ্য, উপজেলার ৬ নম্বর আমানুল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মৃত আ: মোতালেবের মেয়ে নিহত রুনার সাথে বিয়ে হয় একই এলাকার মৃত আবুল খায়ের ছেলে ইসমাইল হোসেনের। রুনা ৩ সন্তানের জননী ছিলেন। শনিবার ভোর রাতের দিকে বসতঘর থেকে ৫০-৬০ ফুট দূরে গাছে রুনার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পরে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। পুলিশ নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ পায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস স্বামীকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গত ৩ দিন আগে রুনাকে তার স্বামী মারধর করেন। তখন তিনি বাবার বাড়ি চলে যান। স্বামী শুক্রবার রাতে তাকে বাপের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে।



