গাজীপুর মহানগরের টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা হক (১০) বাসচাপায় নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় স্কুলে যাওয়ার পথে টঙ্গীর বনমালা রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ফাতেমার বাবা শামসুল হক ও মা রিতা দুবাই থাকেন। ফাতেমা শনিবার সকালে ফুফুর সাথে অটোরিকশায় স্কুলে যাচ্ছিল। স্থানীয় বনমালা রোডে পেছন থেকে কোহিনুর কেমিক্যাল লিমিটেডের স্টাফবাস রিকশাটিকে ধাক্কা দিলে ফাতেমা রাস্তায় সিটকে পড়ে। এ সময় বাসের সামনের চাকায় ফাতেমার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে সকাল ১০টায় বনমালা সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সাড়ে ১০টার দিকে তারা অবরোধ তুলে নেয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।



