নিখোঁজের তিন দিন পর রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলি গ্রামের হাবিবুর রহমান খান (৬০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সিদ্দিক মণ্ডল (৬১) ও তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া
গ্রামের দুই ফুট মাটির নিচে থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, গত বৃহস্পতিবার ওই গরু ব্যবসায়ী তার বাগদুলির বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর বিষয়টি পুলিশে খবর দিলে পুলিশ তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও মোবাইল ফোনের কললিস্ট যাচাই বাছাই করে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ধর্ষণচেষ্টার দায়ে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, হাবিবুর রহমান খান বৃহস্পতিবার সন্ধ্যার পর আটক নার্গিসকে ধর্ষণচেষ্টা করতে যান। এর আগে নার্গিসকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। এর জেরে ধারালো একটি অস্ত্র দিয়ে
খুন করা হয় হাবিবুর রহমানকে। এরপর তার লাশ সিদ্দিক মণ্ডলের সহায়তার মাটির নিচে পুতে রাখেন তারা।আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন বলে জানায় পুলিশের একটি সূত্র।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানে বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিদ্দিক মণ্ডল ও তার স্ত্রী নার্গিসকে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করায় আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে।



