ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেলো লিজা (১৯) নামে এক তরুণী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আখাউড়া উপজেলা সদরের তিতাস রেল সেতুতে এ ঘটনা ঘটে। লিজা আখাউড়া উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের লিটন ভূঁইয়ার মেয়ে। এ ঘটনায় সে অক্ষত থাকলেও ট্রমায় ভুগছে।
ঘটনাস্থলে উপস্থিত আমজাদ ভূঁইয়া নামে এক তরুণ এ ঘটনার একটি ভিডিও করেন। ৮ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিতাস রেলসেতুতে দাঁড়িয়ে নদীর পানি দেখছিল ওই তরুণীসহ তিনজন। এ সময় নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চলে এলে ওই তিনজন নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সেতু অতিক্রম করার চেষ্টা করে। দু’জন সেতু পার হতে পারলেও ওই তরুণী হোঁচট খেয়ে ট্রেনের নিচে পড়ে যায়। তবে সে শুয়ে পড়ার কারণে তার কোনো ক্ষতি হয়নি। তিনি অক্ষত থাকলেও অচেতন হয়ে পড়ায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে এ বিষয়ে ওই তরুণী ও তার পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও দেখেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।



