ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বব্যাপী শুরু হয়েছে জ্বালানি তেল সঙ্কট। চরম এই সঙ্কটের মধ্যে নৌপ্রটোকল চুক্তির আওতায় গতকাল শনিবার ভারত থেকে ১৮৬২ টন ন্যাপথা বা অপরিশোধিত তেল দেশে এসে পৌঁছেছে।
নরসিংদীর ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীর তীরের বেসরকারি তেল পরিশোধন কোম্পানি এ্যাকোয়া রিফাইনারি লিমিটেডের জেটিতে এসে পৌঁছায় ওটি সাংহাই-৮ নামে তেলবাহি ট্যাংকার। দুই দেশের মধ্যে নৌপ্রটোকল চুক্তির আওতায় আসা প্রথম তেলবাহী জাহাজ এটি, যা ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে এ মাসের ৯ তারিখ ছেড়ে আসে। এ্যাকোয়া রিফাইনারি লিমিটেড কোম্পানির পরিচালক ইরশাদ হোসেন জানান, ১৮৬২ টন ন্যাপথা ৪ থেকে ৫ দিনের মধ্যে পরিশোধন করে প্রায় ২৫ লাখ লিটার অকটেন বের করা হবে। তাদের কাছ থেকে যা সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কিনে নেবে। এরপর পরিশোধিত তেল চলে যাবে ভোক্তাপর্যায়ে। পুরো প্রক্রিয়া শেষে ভোক্তাপর্যায়ে তেল পৌঁছাতে সব মিলিয়ে এক সপ্তাহ সময় লাগবে।