সাতক্ষীরার শ্যামনগরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাসকিয়া খাতুন (৩০) ওই এলাকার ইসমাইল গাজীর স্ত্রী।

তাসকিয়ার জা পারুল আক্তার জানান, সংসারে অভাব-অনাটনের কারণে তার দেবর বিভিন্ন জেলায় দিনমজুরের কাজ করেন। তাদের ঘরে দুই ছেলে আছে। বড় ছেলে তৃতীয় শ্রেণিতে পড়ে। ছোট ছেলের বয়স তিন বছরের মতো। রাত ১ টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে কান্নাকাটি করছিল। শুনে আমি ওদের ঘরে গিয়ে দেখি তাসকিয়া নেই। ছেলেরা খাটের ওপর বসে কাঁদছে।

এ সময় আমার আমার স্বামী ও বড় ভাশুর আমাকে বলেন, তাসকিয়া বাথরুমে গেছে কি না খোঁজ নিতে। সেখানে তাকে না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি পুকুর পাড়ে তাসকিয়া শোয়া অবস্থায় মাটিতে পড়ে আছে। তার শরীর থেকে অনেক রক্ত ঝরছে। সাথে সাথে চিৎকার দিয়ে আমার ভাশুরকে ডাকি। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তাসকিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠায়।