ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কের কালিহাতীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে বাস ও ট্রাকের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সল্লায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসচালক ঢাকা সাভার উপজেলার আমিনবাজারের বেগুনবাড়ী গ্রামের আব্দুল আলীর ছেলে মিকাইল (৩৫) ও ট্রাকচালক ঠাকুরগাঁও হরিনারায়নপুর উপজেলার মুক্তারমেলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মানিক (২৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উত্তরবঙ্গগামী অপর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হন।
এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে যায় পুলিশ।



