নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় একমাস পাঁচ দিন পর কলেজটি খুলেছে। রোববার কলেজ খোলার প্রথম দিনে শিক্ষক-কর্মচারীরা উপস্থিত হলেও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন না। শুধু প্রশাসনিক কার্যক্রম চলেছে। এদিকে লাঞ্ছনার শিকার অধ্যক্ষ স্বপন কুমার বিশ^াস কলেজে উপস্থিত হননি। তিনি ছুটিতে আছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অন্যদিকে দীর্ঘদিন পর কলেজ খোলায় খুশি শিক্ষকরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকতার হোসেন টিংকুসহ অন্যরা বলেন, এলাকার পরিবেশ এখন ভালো। আমরা আশা করছি, দু-একদিনের মধ্যে পুরোদমে পাঠদান শুরু হবে।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী বলেন, মির্জাপুর ডিগ্রি কলেজে অনাকাক্সিক্ষত ঘটনার পর দীর্ঘদিন বন্ধ ছিল। আপাতত দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে। বাকি ক্লাসগুলো অল্পদিনের মধ্যেই শুরু হবে।