টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় লিয়াকত আলী (৫৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।
সোমবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত লিয়াকত নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ন আলীর ছেলে।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেলে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় আসামি লিয়াকত আলী তাকে বড়ই দেয়ার কথা বলে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি অন্য কাউকে জানালে খুনের ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেন। পরদিনই শিশুটি পরিবারকে ঘটনা খুলে বলে। মেয়েটির বাবা প্রতিবন্ধী হওয়ায় তার দাদা ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা করেন। ২০১৫ সালের ১৩ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।



