গাজীপুর শহরে নির্ধারিত রুট পারমিট না থাকার অপরাধে তাকওয়া পরিবহনের মিনিবাসের সাত চালকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার ওই দণ্ড প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন।
গাজীপুর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরুল হোসেন জানান, গাজীপুর শহরে ভাওয়াল-রাজবাড়ি সড়কে চলাচলে রুট পারিমিট না থাকার পরও ওইসব মিনিবাস চলাচল করছিল। ইতোপূর্বে এ ব্যাপারে বার বার সতর্ক করার পরও তা তারা না মানায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভাওয়াল-রাজবাড়ি মাঠের পাশের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকওয়া পরিবহনের মিনিবাস চালক জাকের হোসেন (২৭), আব্দুল মালেক (৩৫), আক্কাছ আলী (৪৫), ফরিদুল ইসলাম (২৪), মুছা আলী (৪৩) ও আবুল হোসেনের (৪০) প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও ১৫দিনের বিনাশ্রম কারদণ্ড এবং বয়স বিবেচনায় আবুল কালামকে (৫৫) এক হাজার টাকা জরিমানাসহ ৬দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।



