নড়াইলে চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমানসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুহাম্মদ আমিনুল ইসলামের আদালতে চেয়ারম্যান মতিয়ার রহমান ও চাল ব্যবসায়ী শাহাবুর রহমান আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, কাশিপুর ইউনিয়নে ভিজিএফের ১২০ বস্তা চাল আত্মসাতের ঘটনায় কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানসহ তিনজনের নামে মামলা করে দুদক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ আগস্ট কাশিপুর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে দুই হাজার ৭৭০ জন দুস্থের জন্য ৪১ দশমিক ৫ টন চাল বরাদ্দ দেয়া হয়। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ২৪ টন চাল উত্তোলন করেন। জায়গা না থাকার অজুহাতে বাকি ১৭ দশমিক ৫৫০ টন চাল লোহাগড়া খাদ্যগুদামে রাখা হয়। পরের দিন ৯ আগস্ট দুপুরে খাদ্যগুদাম থেকে চাল ব্যবসায়ী শাহাবুর রহমানের সহায়তায় ৩ দশমিক ৬ টন চাল গুদাম থেকে তুলে বিক্রি করা হয়।