টাঙ্গাইলে বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে তাকে। রোববার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডিত আসামি হলো- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ান আলীর ছেলে লিয়াকত আলী (৫৮)। আসামির উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস নয়া দিগন্তকে জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেলে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় আসামি লিয়াকত আলী তাকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে জোর করে ধর্ষণ করেন। পরে বিষয়টি অন্য কাউকে জানালে খুনের ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেয়। পরদিনই শিশুটি পরিবারকে ঘটনা খুলে বলে। মেয়েটির বাবা প্রতিবন্ধী হওয়ায় তার দাদা ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা করেন। ২০১৫ সালের ১৩ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ।



