টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন ক্লাসে গিয়ে দেখেন এক ছাত্রের মাথার চুল বেশ বড় এবং আপত্তিকর। এ জন্য তাকে একটু শাসন করেন তিনি। আর এটিই কাল হলো ওই শিক্ষকের জন্য। ছাত্রটির বাবা লাল মিয়া স্কুলে এসে প্রধান শিক্ষককে গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী ওই অভিভাবককে স্কুলে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে খিলদা উচ্চবিদ্যালয় ও খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয় থেকে মিছিল বের করে তারা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাগুটিয়ায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে মিলিত হন। তারা লাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্ত লাল মিয়া খিলদা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আবির হোসেনের বাবা। বাড়ি পার্শ^বর্তী সিলিমপুর গ্রামে।