গাজীপুর মহানগরের ৩৬ নম্বর ওয়ার্ডের পলাশোনা এলাকায় গতকাল দুপুরে তুরাগ নদ থেকে ইউনিভার্সিটি ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে টঙ্গী নৌপুলিশ। নিহতের নাম মোয়াজ্জের বিন আলম (২৪)। তিনি নর্থসাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্র। তিনি রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এফ ব্লকের ১০ নম্বর রোডের ১২৩ নম্বর বাড়ির রেজাউল আলম হিরোর ছেলে।
নিহতের মামা জহির উদ্দিন জানান, নর্থসাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মোয়াজ্জের বিন আলম গত শনিবার ইউনিভার্সিটি থেকে মোবাইলে তার মাকে জানায় বন্ধুদের সাথে পঞ্চগড় যাবে। এর পর থেকে সে নিখোঁজ হয়। গতকাল দুপুরে গাজীপুর মহানগরের পলাশোনা এলাকায় স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে জিএমপি গাছা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পকেটে থাকা মোবাইল ফোন ও পরিচয়পত্র সূত্রে স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। বেলা ২টায় নৌপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী নৌফাঁড়ির ইনচার্জ মো: হযরত আলী জানান, লাশটি ফুলে প্রায় বিকৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যু রহস্য উদঘাটনের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।