নড়াইল জেলা যুব মহিলা লীগের আহ্বায়ককে বাদ রেখেই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস এবং প্রধান বক্তা ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী।
এদিকে জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নাসিমা রহমান পলি ও যুগ্ম আহ্বায়ক সুইটি বিশ^াসকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি সম্মেলনের ব্যানারেও তাদের নাম ছিল না। সভাপতিত্ব কে করবেন, তাও উল্লেখ ছিল না। এ ব্যাপারে নাসিমা রহমান পলি বলেন, জেলা যুব মহিলা লীগের সম্মেলনের ব্যাপারে আমাকে ও যুগ্ম আহ্বায়ক সুইটিকে অবগত করা হয়নি। লোকমুখে ও প্রচার-প্রচারণার মাধ্যমে আমরা সম্মেলনের বিষয়টি জেনেছি। এর আগে নড়াইলের তিনটি উপজেলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মী ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা মিলে কমিটি করেছেন। সেখানেও আমাদের ডাকা হয়নি।



