সাতক্ষীরায় স্ত্রীর বুকে ও পিঠে লাথি মারার ঘটনায় দোষী সাব্যস্ত করে এক ব্যক্তির ছয় বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বিশ্বনাথ মণ্ডল এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম নুরুল ইসলাম। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের হামিজ উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের আরশাদ আলীর মেয়ে শাহানার খাতুনের সাথে একই গ্রামের হামিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলামের ১৯৯২ সালে বিয়ে হয়। নুরুল ইসলামের প্রথম স্ত্রী থাকায় দ্বিতীয় স্ত্রী শাহানারকে সে প্রায়ই মারপিট করত। ওই সালের ১২ নভেম্বর রাত ৯টার দিকে চাল কেনার জন্য শাহানারা খাতুন তার স্বামীর কাছে টাকা চাইলে বচসার একপর্যায়ে নুরুল ইসলাম তার বুকে ও পিঠে লাথি মারেন। রাত সাড়ে ১০টার দিকে পল্লী ডাক্তার ফজর আলী এসে শাহানারা মারা গেছেন বলে জানান। এ সময় স্থানীয়রা নুরুল ইসলামকে আটক করে পরদিন সকালে পুলিশে খবর দেন।



