মনোহরদীর হাতিরদিয়া বাজারে আগুন লেগে বাজারের পিঁয়াজ, রসুন ও ওষুধের দোকানসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার গভীর রাতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সোয়া ১টার দিকে হাতিরদিয়া বাজারের পিঁয়াজ পট্টির জাকির হোসেনের জান্নাত কসমেটিকস থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি দোকানগুলোর অবস্থান থাকায় আগুনের তীব্রতা ছিল বেশি। যে কারণে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় । প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তার আগেই দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা দাবি করেছেন ব্যবসায়ীরা।
মনোহরদী ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার (ইনচার্জ) সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।